বাগাছাসের ইতিহাস
বাগাছাস
১৯৭৯ সালের ২৪ নভেম্বর, ময়মনসিংহ শহরের কাঁচিঝুলির জিবিসি বয়েজ হোস্টেল প্রাঙ্গণের ঐতিহাসিক বকুলতলায় প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশে বসবাসরত গারো শিক্ষার্থীদের সর্বপ্রথম সংগঠন ‘বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ‘ (বাগাছাস)।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রান্তিক, সুবিধা বঞ্চিত গারো জাতির শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও গারো শিক্ষার্থীদের মধ্যে একতা, নেতৃত্বগুন প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে ময়মনসিংহ শহরে তৎকালীন বসবাসরত মেধাবী, উদ্যোমী, সচেতন ও স্বপ্নবাজ কিছু গারো যুবকদের হাত ধরে জন্ম নেয় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন।
বাংলাদেশের গারোদের বৃহৎ এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন স্বর্গীয় নীরেন পৌল সাংমা এবং প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ছিলেন মি. বিপুল সাংমা। আত্ম অধিকার আদায়ে গঠিত এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ডা. উইলিয়াম ম্রং এবং সাধারণ সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেভারেন্ড প্রদীপ তজু।
গারো জনগোষ্ঠীর অন্যতম বৃহৎ এই সংগঠনটির ‘বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ‘ সংক্ষেপে ‘বাগাছাস’ নামটি প্রস্তাব করেছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী মি. গসিরাম রেমা।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর ৩ টি মূলনীতি রয়েছে –
১। শিক্ষা ২। ঐক্য ৩। সংস্কৃতি
ঐক্যেবদ্ধ হয়ে সকল গারোকে একই সুতার বন্ধনে আবদ্ধ রেখে নিজেদের অধিকার আদায়, শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজদের গড়ে তুলা, দক্ষ করে তুলা ও গারো শিল্প সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে এই সংগঠনের পথচলা।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাসের স্লোগান হলো-
-খা সাংমা – খা মারাক
বর্তমানে বাগাছাস, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার জেলার গারো অধ্যুষিত অঞ্চলের ১৯ টি উপজেলা শাখায় ও ২ টি মহানগর (ঢাকা- ময়মনসিংহ) শাখা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা, কলেজ উপশাখায় কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই গারো জাতির অধিকার আদায়ে, শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে আসছে বাগাছাস।জাতির অধিকার ও অস্তিত্বের লড়াইয়ে বার বার রাজপথ প্রকম্পিত করেছে বাগাছাস। লড়াই আন্দোলন চালিয়ে এসেছে। অধিকার আদায়ের পাশাপাশি বাগাছাস গারো শিল্প ও সংস্কৃতি রক্ষায় বিভিন্ন ক্যাম্পেইন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, কর্মশালা আয়োজন করে। এছাড়াও নেতৃত্ব বিকাশে ও দক্ষতা অর্জনে বিভিন্ন কর্মশালা, বিতর্ক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করে।
শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক কর্মশালা, ভর্তি পরীক্ষা ও ভর্তির সময় সহায়তা করে থাকে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা প্রদান করে। এছাড়াও বিভিন্ন আপদকালীন অবস্থায়, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করে এবং রক্তদান ও বৃক্ষ রোপন কর্মসূচিতে নিয়মত অংশগ্রহণ করে বাগাছাস।